
কাশিয়ানী (গোপালগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় প্রস্তুত করা হচ্ছে প্রায় ৪০ হাজার গরু। জেলার বিভিন্ন খামার ও ব্যক্তিগত পর্যায়ে গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলার পাঁচটি উপজেলায় ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার খামার রয়েছে, যেখান থেকে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশু সরবরাহ করা হবে।
খামারিরা জানান, এবার সময়মতো গরু বড় হয়েছে এবং খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা ভালো হওয়ায় গরুর স্বাস্থ্যও ভালো। তবে কিছুটা উদ্বেগ রয়েছে পরিবহন ও ন্যায্য মূল্যের বিষয়ে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, খামারিদের নিয়মিত পরামর্শ, চিকিৎসা ও ভেটেরিনারি সেবা দেওয়া হচ্ছে। জেলায় প্রস্তুত হওয়া পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষাও নিশ্চিত করা হবে।
স্থানীয় প্রশাসনও কোরবানির পশুর হাটগুলো সুষ্ঠু ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
প্রতিবারের মতো এবারও গোপালগঞ্জের গরু বিভিন্ন জেলায় সরবরাহ হবে বলে আশা করা যাচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

