
কাঠালিয়া(ঝালকাঠী)প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ মারুফ সিকদারকে জুতা পিটা করায় প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথের বিচারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে শুক্রবার সকাল ১১ টায় উপজেলার আমুয়া ইউনিযনের ৮২ নং পূর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বুধবার (২১ মে ২০২৫) ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ মারুফ সিকদারের সাথে টিফিন বিরতির সময় ৩য় শ্রেণির শিক্ষার্থী মারুফের তর্ক-বির্তক হয়। এ সময় মারুফ প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। প্রধান শিক্ষক স্কুলের বাথরুমের ব্যবহার করা জুতা দিয়ে মারুফ সিকদারকে মারধর করেন। ঘটনাটি অভিভাবকদের মধ্যে জানা-জানি হলে তারা প্রধান শিক্ষকের এ অমানবিক কাজের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী শিক্ষার্থী মোঃ মারুফ সিকদার, শিক্ষার্থীর নানা মোঃ ইদ্রিস আকন, নানী কহিনুর বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ সভাপতি আঃ হালিম, মাওলানা মোঃ জাকারিয়া, দাতা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। বক্তরা জানান- ইতোপূর্বেও প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ ৫ম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারকে বেধরক পিটিয়ে গুরতর আহত করেন। এ ঘটনায় পূর্বে বিচার না হওয়ায় তিনি আবারও এ কাজ করার সাহস পেয়েছে। আমরা রাজেন্দ্র চন্দ্র দেবনাথের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ এর কাছে জানতে চাইলে- তিনি ছাত্রকে জুতাপিটা করার ঘটনাটি অস্বীকার করেন।

