
কাশিয়ানী (গোপালগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গলমুকুন্দপুর এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া লামিসা খানম (১৭) নামের এক স্কুলছাত্রীর লাশ নিখোঁজের একদিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মে) দুপুরে লামিসা তার পরিবারের সদস্যদের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে হঠাৎ পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়ে পড়ে। ঘটনার পরপরই স্বজনরা স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়, তবে সেদিন তাকে পাওয়া যায়নি।
আজ শনিবার (১ জুন) বিকালে নদীতে লামিসার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃতদেহটি উদ্ধার করে।
লামিসা জঙ্গলমুকুন্দপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।”

