
মোঃ হোসেন আলী বিশ্বাস ,শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
ঝিনাইদহের শৈলকুপায় প্রায় দুই (কেজি) গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী রাজিব জোয়ার্দারকে গাঁজাসহ আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানায় নতুন যোগদানকারী এএসআই মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন। হাটফাজিলপুর ক্যাম্প আইসি এসআই শামীম মালথের সহযোগিতায় ও সঙ্গীয় ফোর্সসহ তিনি কুমিড়াদহ গ্রামে যান। এসময় মাদক কারবারী রাজিব জোয়ার্দারের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের শয়ন কক্ষে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক রাজিব জোয়ার্দার কুমিড়াদহ গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে। শৈলকুপা থানায় যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এএসআই মাসুদ রানা। উল্লেখ্য, তিনি এর আগে হাটফাজিলপুর ক্যাম্পেও সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। তার এই তাৎক্ষণিক সাফল্য স্থানীয়ভাবে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ূন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। ওসি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,মাদক কারবারী যে দলেরই হোক বা যত বড়ই ক্ষমতাধর হোক, কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এই সফল অভিযান মাদক নির্মূলে তাদের দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।

