
কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পরকীয়ার টানে স্বামী-সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে ভাড়া বাসায় অবস্থান নেওয়ার অভিযোগে এক নারী ও তার প্রেমিককে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার পিঙ্গোলিয়া সিংগিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত নারীর নাম ঝুমা খানম। তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের সুমন মোল্লার স্ত্রী এবং তিন সন্তানের জননী। অপর আটক ব্যক্তি ইসানুর রহমান, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, ইসানুরও বিবাহিত এবং তার ঘরেও রয়েছে স্ত্রী ও দুই সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ঝুমা ও ইসানুরের মধ্যে মোবাইল ফোনে পরিচয় ঘটে। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গত তিন মাস ধরে তাদের সম্পর্ক আরও গভীর ও বেপরোয়া হয়ে ওঠে। অবশেষে স্বামী-সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে গোপনে ভাড়া বাসায় থাকা শুরু করেন ঝুমা।
এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন শনিবার বিকেলে ওই বাসায় হানা দিয়ে তাদের হাতে-নাতে ধরে ফেলে। পরে রাত আনুমানিক ৮টার দিকে স্বামী সুমন মোল্লার উপস্থিতিতে তিনজনকেই কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাশিয়ানী থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর সান্যাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা তাদের থানায় নিয়ে এসেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

