
মনির আহমদ আজাদ, লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি নকল সাবান কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সাবান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ মার্চ মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন নামি কোম্পানির নামে অবৈধভাবে উৎপাদিত কাপড় কাচার সাবান প্রায় ১৫০ বস্তা এবং বিভিন্ন কোম্পানির নামে তৈরি সাবানের প্যাকেট (মোড়ক) প্রায় ২ বস্তা জব্দ করা হয়। অভিযান চলাকালে কারখানার মালিককে পাওয়া না গেলেও সেখানে কর্মরত সামসুল ইসলাম (পিতা: মৃত আব্দুস ছালাম) নামের এক কর্মচারীকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত নকল সাবান ও প্যাকেটগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং অবৈধ কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের নকল সাবান উৎপাদন ও বাজারজাতকরণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ নিম্নমানের রাসায়নিক ব্যবহার করে তৈরি এসব সাবান ত্বকে অ্যালার্জি, চুলকানি ও বিভিন্ন চর্মরোগের কারণ হতে পারে। প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

