
শেখ শহীদ আহমেদ। ঘিওর (মানিকগঞ্জ )প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার দের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগের প্রমাণ মেলায় দুই মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন পরিচালনা কমিটি । অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদনে কোটি টাকা লোপাটের সত্যতা মিলেছে। গত ২৯ শে মে কলেজ পরিচালনা কমিটির সভায় তাকে ছুটিতে পাঠানোর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরপর আনুষ্ঠানিকভাবে শনিবার বিষয়টি ঘোষণা করা হয়। জান গেছে এর আগেও একবার নানা অনিয়ম দুর্নীতির কারণে ছয় মাসের জন্য অস্থায়ী বহিষ্কার করা হয়েছিল ওই শিক্ষককে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন ছুটিতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। বাসুদেব কুমার এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন সাধারণ শিক্ষার্থী ,শিক্ষক ও কর্মচারীরা এর পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পরিষদ একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করেন। ওই কমিটি প্রায় একমাস আগে পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর তদন্ত রিপোর্ট পেশ করেন। নিরীক্ষা কমিটির তদন্তে ২০২৩-২৪ অর্থবছরের প্রায় সোয়া দুই কোটি টাকা আয় হয় বলে তদন্ত প্রকাশ পায় । এছাড়া বিভিন্ন অনুদান যাতায়াত খরচ শিক্ষার্থীদের পরীক্ষা তদন্ত রিপোর্টে অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো উঠে আসে, নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির কয়েকজন সদস্য বলেন প্রতি বছর শিক্ষার্থীদের বেতন ভাতা কলেজের বিভিন্ন উৎস থেকে কোটি টাকা লোপাট করেছেন এই শিক্ষক। ইউএনও মোঃ জাকির হোসেন বলেন, পরিচালনা পর্ষদের সভায় তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে অভিযুক্ত অধ্যক্ষ বাসুদেব কুমারকে বাধ্যতামূলক দুই মাসের ছুটি দেয়া হয়েছে এবং আ ন ম বজলুর রশিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তীব্যবস্থা গ্রহণ করা হবে। অধ্যক্ষের বহিষ্কারাদেশে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।

