
রাশিদুল ইসলাম বাবু- পাটগ্রাম (লালমনিরহাট) নিজস্ব প্রতিনিধি
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই স্লোগানকে সামনে রেখে আজ লালমনিরহাটে অনুষ্ঠিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক বিশেষ মা সমাবেশ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট-এর বাস্তবায়নে এ কর্মসূচি সম্পন্ন হয়। সমাবেশে সহযোগিতা প্রদান করে ইএসডিও এবং ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি), লালমনিরহাট।
সমাবেশে সভাপতিত্ব করেন ডা. দিপংকর রায়, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), লালমনিরহাট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রকিব হায়দার। তিনি বলেন, “একটি সুস্থ ও উন্নত জাতি গঠনের মূল ভিত্তি হচ্ছে পুষ্টি। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত ও সুষম খাদ্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, তবে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা আরও জরুরি।”
বিশেষ অতিথি ডা. মোঃ আব্দুল মোকাদ্দেম, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, লালমনিরহাট, বলেন:
“মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে পুষ্টির ভূমিকা অপরিসীম। গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মায়েদের পুষ্টির ঘাটতি থাকলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। আমাদের প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে মাঠ পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।”
পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম বলেন,“জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীদের মধ্যে পুষ্টি সচেতনতা মানে একটি পুরো পরিবারকে সচেতন করা।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মা ও শিশু, স্বাস্থ্য সহকারি, কমিউনিটি স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক এবং উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবার মাঝে পুষ্টিকর খাবারের প্রদর্শনী, হ্যান্ডওয়াশিং ডেমো এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশ এর মাঝে মাঝে বিভিন্ন ভিডিও চিত্র ও ডকুমেন্টারি পরিবেশনার মাধ্যমে শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

