
কাশিয়ানী(গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে গভীর রাতে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে তরিকুল শেখ ওরফে ‘টাইগার’ নামের এক চোর। শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে কাশিয়ানী সদর ইউনিয়নের ব্যবসায়ী মিটু সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মিটু সরদারের বসতবাড়িতে চুরি করতে গিয়ে সন্দেহজনক আচরণে এলাকাবাসীর নজরে পড়ে টাইগার। পরে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনার সময় তার সঙ্গে আরও কেউ ছিল কিনা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আটক তরিকুল শেখ ওরফে টাইগার বরাশুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। এলাকাবাসী জানায়, সে আগে থেকেও চুরির সঙ্গে জড়িত ছিল বলে তাদের ধারণা। তবে এবার স্থানীয়দের তৎপরতায় ধরা পড়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, আটক ব্যক্তিকে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার চিত্রও ফুটে উঠেছে। তারা চুরি-ডাকাতি দমন এবং রাত্রীকালীন নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

