
মোঃ আব্দুল হামিদ, হোমনা (কুমিল্লা) বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাতে দুর্বৃত্তরা একই পরিবারের এক নারী ও দুই শিশুকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে।
নিহতরা হলেন— উত্তর মনিপুর গ্রামের তরফ আলীর পুত্রবধূ ও জহিরুল ইসলামের স্ত্রী এবং জহিরুল ইসলামের এক শিশু পুত্র। এছাড়া একই সঙ্গে তরফ আলীর অপর ছেলে আঃ সাত্তারের এক শিশু পুত্রকেও হত্যা করা হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে পরস্পর চাচাতো ভাই এবং তরফ আলীর নাতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অদ্য রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে জহিরুল ইসলামের স্ত্রী ও দুই শিশুকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঠিক কারণ বা কারা এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন:
আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। অপরাধীদের শনাক্ত করতে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

