
উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া(ঝালকাঠি)
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পর্যটন কেন্দ্র ছৈলার চরে এক পর্যটকের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (১১ জুন) সকাল ১১টায় ডিসি লেকের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলার শিকার আবু হাসান ও তার পরিবারের সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত ৬ জুন বিকেলে আবু হাসান তার দুই শিশু সন্তানকে নিয়ে ছৈলার চরে বেড়াতে যান। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগিনা সায়েমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে তারা আবু হাসানের বড় ভাই হায়দার আলীকেও মারধর করে, যিনি বর্তমানে আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ছৈলার চরে আসা পর্যটকনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আবু হাসান, তার বড় বোন মাহমুদা বেগম, সন্তান আদিবা ও রুবায়েত সারাপ, স্থানীয় বিএনপি নেতা নিজাম মোল্লা, হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া, সমাজসেবিকা মনোয়ারা বেগম, সমাজকর্মী হাবিব মিয়া, মিলন হাওলাদার, মহিবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

