
আনিসুর রহমান, সোনারগাঁ নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. সোহেল মিয়া হত্যাকাণ্ডের চার দিনের মাথায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। এ ঘটনায় সরাসরি জড়িত দুই ঘাতকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা।
শুক্রবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. আব্দুর রহিম মিয়া (৫৫) ও মো. আবুল কাশেম (৪০)। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রূপগঞ্জ এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, আর্থিক লোভে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবন্ধী অটোরিকশা চালক সোহেল মিয়াকে হত্যা করা হয়। হত্যার পর তার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নেয় আসামিরা। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে।
ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

