
মোঃ রাজু মোল্লা (মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দাশেরহাটি গ্রামে চাঁদা দাবি, মারধর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে রোকসানা আক্তার (৩৫) নামে এক নারী আদালতে মামলা করেছেন। মামলায় একই গ্রামের কুমুর উদ্দিনের ছেলে শামীম হোসেন (২৬)–সহ অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–২ মামলাটি আমলে নিয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। মামলার নম্বর ৯৬৬।
মামলার এজাহারে বলা হয়েছে, রোকসানা আক্তারের পিতা চারিগ্রাম এলাকায় কুড়া–ভূষির ব্যবসা করতেন। রোকসানার দুই ভাই বিদেশে কর্মরত থাকার সুযোগে আসামি শামীম হোসেন ও তার সহযোগীরা বিভিন্ন সময় তাদের কাছে চাঁদা দাবি করতেন এবং ভয়ভীতি দেখাতেন। দীর্ঘদিনের হয়রানির কারণে রোকসানার পিতা ব্যবসা বন্ধ করে দেন। পরবর্তী সময়ে স্থানীয় সালিশে বিষয়টি মীমাংসা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, রোকসানার ভাই আমিনুর রহমান (২৬) গত ১২ নভেম্বর দেশে ফেরেন এবং বাড়িতে নির্মাণকাজ শুরু করেন। এ জন্য ১৭ নভেম্বর কৃষি ব্যাংকের চারিগ্রাম শাখা থেকে সাড়ে সাত লাখ টাকা উত্তোলন করেন।
গত ১৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শামীম হোসেন ও তার সঙ্গে থাকা ১০–১২ জন রোকসানাদের বাড়িতে প্রবেশ করেন। তারা রোকসানার পিতা ও ভাইয়ের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে প্রতিবাদ করলে রোকসানার ভাই আমিনুর রহমানকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীদের একজন আমিনুর রহমানের হাত থেকে এক ভরি স্বর্ণের বেইচলেট ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। পরিবারের সদস্যদের ডাক–চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন আসামিরা গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে দিতে দ্রুত সরে যায়।
রোকসানা আক্তারে দাবি, “অভিযুক্তরা তাদের পরিবারের সদস্যকে ক্ষতি করতে পারে।”

