বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলালোহাগাড়ায় অবৈধ মাটি বাণিজ্য থামাতে গিয়ে রক্তাক্ত যুবক

লোহাগাড়ায় অবৈধ মাটি বাণিজ্য থামাতে গিয়ে রক্তাক্ত যুবক

মনির আহমদ আজাদ, লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পাহাড়, টিলা ও ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কেটে ট্রাক ও ডাম্পারযোগে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অবৈধ বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতে মাটি বোঝাই গাড়ি চলাচল করলেও অনেক সময় তা প্রশাসনের নজর এড়িয়ে যায়।

এই অবৈধ মাটি বাণিজ্যে বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার (৭ মার্চ) দিনগত রাতে সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাটি কাটার খবর পেয়ে মো. বেলাল উদ্দিন নামের এক যুবক বিষয়টি ফোনে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম-কে অবহিত করেন। এ সময় ইউএনও ঘটনাস্থলে থাকা গাড়ি আটকাতে বলেন বলে জানা যায়। নির্দেশনা অনুযায়ী বেলাল উদ্দিন মাটি বহনকারী একটি গাড়ি আটকানোর চেষ্টা করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ, শুক্কুর বাবুর্চি এবং তাদের কয়েকজন সহযোগী বেলাল উদ্দিনকে একা পেয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনকে জানানো এবং গাড়ি আটকানোর চেষ্টা করাই তার উপর হামলার মূল কারণ।

এলাকাবাসীর অভিযোগ, কলাউজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পাহাড় ও টিলা ধ্বংস হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়কও দ্রুত নষ্ট হয়ে পড়ছে, ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

সচেতন মহল বলছে, অবৈধ মাটি বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই সিন্ডিকেট দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। স্থানীয়দের মতে, প্রশাসনের নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে পরিবেশ ধ্বংসের এই অবৈধ ব্যবসা বন্ধ করা সম্ভব নয়। একই সঙ্গে তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতে ভয় না পায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments