
মামলার নামে চাঁদাবাজি এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই নেতা মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় নিজ নিজ বাসা থেকে তাঁদের আটক করা হয়। আটক মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব। আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন মেহেরাব ও রাজুর বিরুদ্ধে পলাতক আওয়ামীলীগ নেতাকর্মীসহ বিভিন্ন জনের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে মামলা বাণিজ্য করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে । পুলিশের সাথে অসৎ আচরণ এবং মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক আইডির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ের সংবাদ সম্মেলন করে পরবর্তীতে জানানো হবে ওসি জানিয়েছেন।

