
ফরিদ উজ্জামান, সাটুরিয়া (মানিকগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ, ২৩ নভেম্বর:
মানিকগঞ্জ শহরে গ্রেফতারকৃত বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে আজ সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আল্লাহতাআলার প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে শত সহস্র আলেম-উলামা ও তৌহিদী জনতা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ব্যাপক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শিল্পী আবুল সামাজিক মাধ্যমে “আল্লাহ মুখ নাকি ওটা গুয়া” (নাউযুবিল্লাহ)—এমন বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এ ঘটনায় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, অপর একটি পক্ষ—বাউল শিল্পী আবুলের অনুসারী ও ভক্তরা—তার মুক্তির দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে শহরে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং শহরজুড়ে টানটান উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তৌহিদী জনতার সাথে সংঘর্ষে আবুলের কয়েকজন অনুসারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উত্তেজনার এক পর্যায়ে শিল্পীর কিছু অনুসারীকে স্টেডিয়ামের দক্ষিণ পাশের জলাশয়ে লুকিয়ে থাকতে দেখা যায়। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শহরে এখনও উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

