
মোঃ খালেকুজ্জামান, বিশেষ প্রতিনিধি,পঞ্চগড় সদর
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের একটি খড়ির ঘর থেকে রফিকুল ইসলাম ডুবু (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রফিকুল ইসলাম টুনিরহাট বাজারসংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি প্রায় ২০ বছর ধরে বাজারের পাশে নিজ খড়ির দোকানেই একা বসবাস করতেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ জানান, রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

