
জাহাঙ্গীর আলম, বাজিতপুর(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
দেশব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টায় বাজিতপুর বাজারের বাশমহল থেকে মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে সিনেমাহল মোড় হয়ে পুনরায় বাশমহলে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এছাড়াও অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে জামাত, এনসিপি ও চরমোনাই গোষ্ঠী মিলে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মনির বলেন, “তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার ও তাদের দোসররা দমন-পীড়নের মাধ্যমে জনমত দমন করতে চাইলেও, বিএনপি রাজপথে থেকেই তার জবাব দেবে।
বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের সম্মানহানির অপচেষ্টা বন্ধ না হলে, আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

