
কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলা শহরের সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৯ মে ২০২৫) এ অভিযান পরিচালিত হয় দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল হোসেনের নেতৃত্বে।
দুদক সূত্র জানায়, সওজ দপ্তরের চলমান ও সদ্য শেষ হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়-বরাদ্দ, নির্মাণ সামগ্রীর মান, প্রকৌশল তদারকি ও ঠিকাদার নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দপ্তরের প্রকৌশলী, হিসাবরক্ষক, দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি নির্মাণাধীন সড়ক প্রকল্প, বিশেষ করে দীর্ঘদিন ধরে চলমান একটি আঞ্চলিক সড়ক সরেজমিন পরিদর্শন করে অনিয়মের প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়।
অভিযান শেষে গণমাধ্যমকে সহকারী পরিচালক সোহেল হোসেন বলেন,
“সরাসরি পরিদর্শনে কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। সড়কের নির্মাণমান এবং ব্যয়ের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। রেকর্ডপত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে তা কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সরকার ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির আলোকে দেশের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দুদক বর্তমানে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

