
জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি:
মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জ জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন এসআই মো. মাশরিকুর রহমান। তিনি বাজিতপুর থানায় কর্মরত আছেন। গতকাল রোববার (১৩ এপ্রিল) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম।
গত মার্চ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে এসআই মাশরিকুর রহমানকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। পুরস্কার
প্রদানকালে উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজের মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে কিশোরগঞ্জ জেলা পুলিশ। এ বিষয়ে এসআই মো. মাশরিকুর রহমান বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।

