
মোঃ আব্দুল হামিদ, হোমনা (কুমিল্লা) বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় কাশিপুর- নয়াকান্দি উৎসবমুখর পরিবেশে কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া দাখিল মাদ্রাসায় নতুন বছরের পাঠ্যপুস্তক উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: আলহাজ্ব ডঃ মোঃ গোলাম মোস্তফা সাহেব (সহ সভাপতি অত্র মাদ্রাসা)
সকাল থেকেই মাদ্রাসার প্রাঙ্গণে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। নতুন বই হাতে পাওয়ার আনন্দে মাতোয়ারা হয় ক্ষুদে শিক্ষার্থীরা। মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের হাতে রঙিন মলাটের নতুন বই তুলে দেন।
বই বিতরণের পাশাপাশি আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে মাদ্রাসা ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর জোর দেন। অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়, “এসো ইলমের সন্ধানে, ফিরে যাও দ্বীনের খেদমতে”—এই আদর্শকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
কাশিপুর-নয়াকান্দি এলাকার এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তদারকিতে ছিল মাদ্রাসার পরিচালনা কমিটি।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

