
কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
এশিয়ান টিভিতে কায়েমপুর ইউনিয়ন যুবদল নেতা বাদশা জুয়েলকে চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রচারিত “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কায়েমপুর ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (২২ মে) কায়েমপুর ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাদশা জুয়েল দাবি করেন, ১৯ মে প্রচারিত ওই প্রতিবেদনে তাকে সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত বলে উপস্থাপন করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “মূলত ৭১ টিভিতে ছয় মাস আগে সিলেট ও রাজশাহীর একটি ফুটেজ প্রচারিত হয়, সেটিকে এডিট করে কসবায় সীমান্ত বলে মিথ্যাচার করা হয়েছে।”
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোখলেছুর রহমান অভিযোগ করেন, “৩০ হাজার টাকার বিনিময়ে এশিয়ান টিভিতে উদ্দেশ্যমূলক প্রতিবেদনটি প্রচার করা হয়, যা কায়েমপুর ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।”
নেতারা আরও অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জেরে স্থানীয় এক ব্যক্তি এই মিথ্যা সংবাদ তৈরিতে প্ররোচনা দিয়েছেন।
বাদশা জুয়েল বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মদদে স্থানীয় ক্ষমতাসীন দলের অনুসারীরা আমাদের দমন করতে এসব ষড়যন্ত্র করছে।”
সংবাদ সম্মেলনে বাদশা জুয়েলসহ বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা মিথ্যা সংবাদ প্রচারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

