
স্টাফ রিপোর্টার। আল মমিনুর রহমান লিংকন।
স্নাতক শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডে বেতন স্কেলসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহ সদর উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, সদর উপজেলা শাখা”র ব্যানারে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাকিব ও সাধারণ সম্পাদক কাজল কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ দাবি আদায়ে জোরালো বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,
শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।
১১তম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে।
সময়োপযোগী পদোন্নতি ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

