
মুহাম্মদ আল-আমীন ,ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দাদরা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ,
দোয়া ও উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
রবিবার ১৪ ডিসেম্বর (শহীদ বুদ্ধিজীবী দিবস) সকাল সাড়ে ৯টায় কাকনী ইউনিয়নের দাদরা গ্রামে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুক্তিযোদ্ধাসহ উপস্থিত সকলেই।
এরপর উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম নাজমুস সালেহীন। এছাড়াও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

