
সানাউল্লাহ সাকিব ,সিংগাইর(মানিকগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে পুনরায় চালু করা হয়েছে ধল্লা পুলিশ ক্যাম্প। ৫ আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানের পর দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়।
সিংগাইর থানা পুলিশের আয়োজনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম। সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফাহিম আসজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার, এসআই রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ, সিংগাইর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আল হাসান, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধল্লা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান এনামুল, জামির্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সদস্য সচিব আশরাফ খান, ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান দীপুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন,
“ধল্লা এলাকা মানিকগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ প্রবেশমুখ। এই এলাকায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। আমি শুনেছি এখানে মাদকের ব্যবসা রয়েছে—এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সহায়তায় অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। ধল্লা পুলিশ ক্যাম্প পুনরায় চালুর মাধ্যমে এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আমরা আশাবাদী।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দীর্ঘদিন পর ধল্লা পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই ক্যাম্প চালুর ফলে মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কমে আসবে এবং সার্বিকভাবে জননিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

