
মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
নির্বাচন পরবর্তী সময়ে সাতকানিয়া ও লোহাগাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরে এক সংবাদ সম্মেলন করেছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে সদ্য নবনির্বাচিত সংসদ সদস্য।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় লোহাগাড়া সদরের হোটেল মাশাবীর হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন, “এই আসনের সম্মানিত ভোটাররা যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। নির্বাচন পরবর্তী সময়ে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।” তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সাতকানিয়া ও লোহাগাড়ার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কাজ করবো। এই জনপদের মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি আ. ন. ম. নোমান, সাবেক উপজেলা আমীর মাওলানা ইদ্রিচ, অধ্যাপক মো. হাসান, চৌধুরী মোহাম্মদ সালেহসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় লোহাগাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানান।

