
জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে গঠিত বাজিতপুর উপজেলা বিএনপির তথাকথিত অবৈধ কমিটি ও সম্মেলনের প্রতিবাদে আজ বুধবার বিকেলে বাশমহল এলাকায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব মোঃ এহসান কুকিয়া। তিনি বলেন, “বিএনপির শক্তি তৃণমূলে, অথচ আজ সেই তৃণমূলের মতামতকে উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের ইচ্ছামতো নেতৃত্ব গঠন করছে। এটি দলীয় শৃঙ্খলা ও নীতির সম্পূর্ণ পরিপন্থী।”
প্রধান বক্তা ছিলেন সাবেক মুখ্য আহ্বায়ক কাজল ভূঁইয়া। তিনি অভিযোগ করে বলেন, “দলীয় গঠনতন্ত্রকে অমান্য করে গোপনে একটি সম্মেলন করে একটি অবৈধ কমিটি ঘোষণা করতে যাচ্ছে। এ ধরনের প্রক্রিয়া দলের ঐক্য ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান মামুন, জি.এস মীর জলিল, এডভোকেট মোঃ শাহআলম, কামরুল হাসান রিপন, এডভোকেট কাজী মনজুরুল হক রোমেল প্রমুখ। বক্তারা সবাই অবিলম্বে অবৈধ কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন করে সম্মেলনের দাবি জানান।
সমাবেশের সভাপতিত্ব করেন কাইয়ুম খান হেলাল এবং সঞ্চালনা করেন জসিম মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন এ.কে.এম ফজলুল হক সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ওলামাদলের নেতারা।

