
মোঃ তৌফিক রহমান,ধামইরহাট(নওগাঁ)শিক্ষানবিশ প্রতিনিধি
জয়পুরহাট, ৭ আগস্ট ২০২৫ বিকেল ৫.৩০ মিনিটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে বক্তারা প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, “বৃত্তি পরীক্ষা শিক্ষা ব্যবস্থায় গুণগত মান নিশ্চিত করতে সহায়ক হবে।”
মানববন্ধনে বক্তারা বলেন, “বৃত্তি পরীক্ষা চালুর মাধ্যমে গ্রামীণ ও মেধাবী শিক্ষার্থীরা উৎসাহিত হবে। এতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত হবে।” তারা আরও বলেন, “কিছু কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃত্তি পরীক্ষা বাতিলের অযৌক্তিক দাবি জানাচ্ছেন এবং প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, যা দুঃখজনক ও নিন্দনীয়।”
তারা বলেন, “কিছু কিন্ডারগার্টেন শিক্ষক বৃত্তি পরীক্ষা বাতিলের দাবিতে অযৌক্তিক ও উদ্ধত আচরণ করছেন, যা রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি চরম অবমাননা।” বক্তারা এ ধরনের হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত দাবি প্রত্যাখ্যান করেন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে সরকারের পাশে থাকার ঘোষণা দেন।
মানববন্ধন শেষে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ শিক্ষা প্রধান কার্যালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে বৃত্তি পরীক্ষা চালু রাখার দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হয়।
আরও জানা যায় নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা আশা প্রকাশ করেন, সরকার ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে এ ধরনের ইতিবাচক সিদ্ধান্ত অব্যাহত রাখবে।

