
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইনর জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় ইউনিয়নের মহিলা মেম্বার মোছাঃ নুরবানু বেগম কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ১০ ডিসেম্বর বুধবার জয়পুরহাট আদালতে সোপর্দ করা হলে আসামি জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
ঘটনার সূত্রপাত এনটিভি অনলাইনে প্রকাশিত ‘মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার’ শিরোনামের একটি সংবাদকে কেন্দ্র করে। সংবাদ প্রকাশের পর থেকে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে পরিকল্পিতভাবে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালান ইউনিয়নের মহিলা সদস্য নুরবানু ও আনোয়ার হোসেন। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন।প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন বলেন, ‘দুপুরের দিকে ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর শার্টের কলার ধরে গালিগালাজ মারতে থাকেন এবং মারপিট করেন।
হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, ‘সংবাদ প্রকাশ করায় আমাকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানান। তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং আইনের প্রতি চরম অবজ্ঞা।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

