
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে থানার এক উপপরির্দশক (এসআই) পারিবারিক দ্বন্দ্ব-কলহ মিটাতে গিয়ে মাদকাসক্ত সন্ত্রাসীর দ্বারা ডান হাত ও বাঁ পায়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় রাতেই ছুরিকাঘাতকারী রাফি ও তার সহযোগী বেলালসহ ২জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। আহত এস আই কে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার শারীরিক খোঁজখবর নেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গত রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে।ছুরিকাঘাতে আহত এসআইয়ের নাম আলমগীর কবীর (২৯)। গ্রেফতারকৃত সন্ত্রাসী রাফি (২৫) উপজেলার পাটাবুকা গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র ও বেলাল হোসেন (৪০) একই গ্রামের মৃত ফুলবর আলী সরদারের পুত্র।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন জানান, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে বিকেলে হাসপাতালে ভর্তি হন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন। এসআই আলমগীর কবীর বলেন, ‘আমি সামান্য আঘাত পেয়েছি। এখনো হাসপাতালে রয়েছি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, পাঁচবিবি এলাকায় ৩/৪ বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গত শনিবার ওই নারীকে তাঁর তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন।
ওই নারী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯–এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। ঘটনাটি অমীমাংসিত ছিল।গত রবিবার বিকেলে আবার সেখানে গিয়ে বিষয়টি সমাধান করে ফিরছিলেন। এ সময় এস আই আলমগীর কবীর মাদকাসক্ত সন্ত্রাসীর দ্বারা হামলার শিকার হন।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে এবং রাতেই ছুরিকাঘাতকারী ২জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

