
ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২ নম্বর সেলবরষ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাকিয়াম খলাপাড়া-মুজরাইল গ্রামের একমাত্র কালভার্টটি নির্মাণের মাত্র তিন মাসের মাথায় ভেঙে পড়ে। এতে করে গ্রামের মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ দেখা দেয়, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি হয়ে ওঠে চরম ভোগান্তির কারণ।
জানা গেছে, খলাপাড়া-মুজরাইল কালভার্ট নির্মাণ প্রকল্পের বরাদ্দ ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই প্রকল্পের অর্থায়ন করা হয়। নির্মাণ কাজটি সম্পন্ন করে ‘খান বিল্ডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
কালভার্টটি ভেঙে পড়ার বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকাকে জানানো হলে, তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন। তিনি বলেন,
আমি বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করি এবং কালভার্টটি পুনরায় সংস্কার করে দিয়েছি। কারণ, এই রাস্তা দিয়ে মুজরাইল গ্রামের সাধারণ মানুষ ছাড়াও স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে।”
চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা আরও জানান, ভবিষ্যতে এই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন তিনি।

