
রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের ছোট কান্দা এলাকায় বৈধভাবে প্রাপ্ত ভূমি বন্দোবস্ত বাতিলের ষড়যন্ত্রে নেমেছে একটি অসাধু চক্র এমনই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
ধর্মপাশার বাদশাগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, একটি প্রভাবশালী মহল তাদের দীর্ঘদিনের বৈধভাবে প্রাপ্ত ভূমির বন্দোবস্ত বাতিল করতে উঠেপড়ে লেগেছে।
এই অসাধু চক্রের সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছেন—সোনা মিয়া, শরিফুর আহমেদ মামুন, নুরুল হক, তৈয়বুর রহমান, সাইফুল, মেহেদী হাসান ডালি ও তাদের সহযোগীরা। তারা প্রশাসনের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বন্দোবস্ত বাতিলের আবেদন করেছেন বলে অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে যেসব ব্যক্তি অবৈধভাবে ওই জমি দখল করে রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন—বিপুল রানা, আলী আহমদ, আইনাল হক, রোবেল মাস্টার, দুলাল মিয়া, ওয়াসিম মাস্টার, জামাল রনি শাহ, রোমান শাহ ও কামরুল মিয়া। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বৈধ বন্দোবস্তপ্রাপ্তরা।
ভুক্তভোগীদের দাবি, এই জমি তারা যথাযথ নিয়ম অনুসরণ করে সরকারের কাছ থেকে বন্দোবস্ত পেয়েছেন এবং দীর্ঘদিন ধরেই সেখানে চাষাবাদ ও বসবাস করে আসছেন। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল তাদের উচ্ছেদ করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তারা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে

