
উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি):
তারেক রহমানকে কটূক্তি করে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০:০০ টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম সৈকত, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কটূক্তি করে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

