
মো: নাসিরুল ইসলাম, ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি
খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ডাউকোনা গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য এবং এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে ডাউকোনা খালের কচুরিপানা ও আবর্জনা অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি এই কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তাসনীম জাহান।
পরিদর্শনকালে তিনি খালপাড়ে উপস্থিত স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং খাল পরিষ্কারে সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগ জলাবদ্ধতা রোধ ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার উপজেলা প্রকৌশলী জনাব ইয়াসিন আরাফাত, জামিরা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
স্থানীয় বাসিন্দারা জানান, ডাউকোনা খাল দীর্ঘদিন যাবত কচুরিপানা ও ময়লার কারণে কার্যত বন্ধ হয়ে পড়েছিল। এতে বর্ষাকালে পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটত এবং দুর্ভোগে পড়তেন স্থানীয়রা। খাল পরিষ্কারের মাধ্যমে খালটি আবারও স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের এই সম্মিলিত উদ্যোগে পরিবেশ রক্ষা ও জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের পথ প্রশস্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

