
আবির খান,বিশেষ প্রতিনিধি, জামালপুর
জামালপুরের মেলান্দহে বিশেষ অভিযানে ২০৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি দুলাল মিয়া (৪৫)কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় মেলান্দহ বাজারস্থ ছাগল হাটির ইজারা অফিসের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। আটক দুলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।
পুলিশ জানায়, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার নির্দেশনায় এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে দুলালকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ২০৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।
অভিযানে এসআই মো. সাজেদুল ইসলাম খান, এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল অংশ নেন।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল স্বীকার করে, ইয়াবাগুলো সে মাহমুদপুর বাজারের মরহুম নয়ন মন্ডলের ছেলে ফকরুলের (৪৮) নিকট বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুলালকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা জানান , পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। তা না হলে আমাদের আগামী প্রজন্ম মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হবে। মাদকের বিরুদ্ধে জামালপুর জেলার প্রত্যেকটি থানায় কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় পুলিশ আনবে। পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশও প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। জামালপুর জেলা বাসীকে মাদক বিরোধী তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য আহব্বান জানান পুলিশ সুপার।
মাদক মুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে সচেতনতামূলক সভা আয়োজন, এবং মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এই কার্যক্রমের অংশ হিসেবে, পুলিশ নিয়মিতভাবে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং জনসাধারণকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন প্রচারণামূলক কাজ করছে।

