
কাশিয়ানী, গোপালগঞ্জ শিক্ষানবিশ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে বিদেশি সিগারেট বিক্রির অভিযোগে এক মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় দোকানে অবৈধভাবে রাখা বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করে দোকান মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “অবৈধ ও শুল্ক ফাঁকির মাধ্যমে দেশে আসা বিদেশি সিগারেট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির কারণ। তাই নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।”
উল্লেখ্য, বাজারে দীর্ঘদিন ধরে কিছু দোকান গোপনে বিদেশি সিগারেট বিক্রি করছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

