
মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফল পৌর বিএনপি’র সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পৌরসভার কাগজীরপুল এলাকা থেকে একটি মিছিল সহকারে তাকে বরণ করা হয়।
মিছিলটি কাগজীরপুল থেকে পায়ে হেঁটে হাসপাতাল রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে তার পূর্বের সাংগঠনিক কার্যক্রম যাচাই-বাছাই শেষে তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তিনি পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, আজকের পর থেকে বাউফলে কোনো গ্রুপিং থাকবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষ প্রতীকই হবে আমাদের একমাত্র লক্ষ্য।
সমাবেশে বক্তব্য রাখেন , বাউফল উপজেলা বিএনপি’র সদস্য মো. জাকির হোসেন খান।
তিনি বলেন, রাজনৈতিক গ্রুপিং ও মিথ্যা ষড়যন্ত্রের কারণে বাউফল পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবিরকে অন্যায়ভাবে দলীয় পদ থেকে অব্যাহতির চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করে পটুয়াখালী জেলা বিএনপি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার নেতৃত্বকে জরুরি বিবেচনা করে পুনরায় স্বপদে বহাল করেছে। এতে সংগঠন আরও শক্তিশালী হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান, বাউফল পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সদস্যসচিব মকবুল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিরন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৫ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেয় পটুয়াখালী জেলা বিএনপি। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়।

