
আব্দুস শুক্কুর, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত ওই ভারতীয় নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেস্টা করে ডাব্বর লাং। এসময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাঁকে আটক করে।
ভারতীয় নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম পপাউডার উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে উদ্ধারকৃত মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

