
কাশিয়ানী, গোপালগঞ্জ | শিক্ষানবিশ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ছয় দিন পর ঘটনাস্থল পরিদর্শনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা—মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার সকাল থেকে শুরু হওয়া এ পরিদর্শনে তারা প্রথমেই সহিংসতায় ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। এরপর যান ‘জুলাই শহীদদের’ স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থান। তারা হেঁটে ঘুরে দেখেন পূর্ব নির্ধারিত এনসিপির সভাস্থল পৌর পার্ক এলাকাও।
পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন—
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আ. হাফিজ
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ
বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
উপদেষ্টারা প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান।

