
বিশেষ প্রতিনিধি গাজীপুর সদরঃ-
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলার আমীর মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরুজালী ইউনিয়নের আমীর মোঃ কামরুজ্জামান মন্ডল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং গাজীপুর-৩ আসনের জামায়াতের মনোনীত সংসদীয় প্রার্থী শিক্ষাবিদ ড. মোঃ জাহাঙ্গীর আলম।
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন এবং ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দাবীকৃত ৫ দফা তুলে ধরেন।জামায়াতের দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে হোতাপাড়া থেকে মহাসড়কে ভবানীপুর বাজারে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

