
মো:নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে মোঃ রুবেল হোসেন (৩৪) নামে ০১জনকে অপহরণ মামলায় ০৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। ভুক্তভোগী অপহুত রুবেল হোসেন উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মনসুর আলীর ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মুক্তাদির আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এছাড়া রায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামিরা হলেন, উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আশ্রাফ আলী ফকিরের ছেলে ইলিয়াস ফকির (৪৩) ও তার ভাই আবুল ফকির (৪৬) এবং ইন্দুরকানী গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে রুহুল খান (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ০৫ নভেম্বর উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মরহুম আবুল হাশেম হাওলাদার এর বাড়ির মসজিদে নামাজ পড়ার সময় ইলিয়াস ফকির,আবুল ফকির ও রুহুল খান নামে ০৩ ব্যক্তি মসজিদে প্রবেশ করে রুবেল হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে টগরা ফেরিঘাট এলাকার নদীর পাড়ে নিয়ে মারধর করে।
ভুক্তভোগী রুবেলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আসামীরা তাকে ফেলে পালিয়ে যায়,পরে আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। ঘটনার ০৮দিন পর ইন্দুরকানী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১২ জনের সাক্ষী প্রমাণ নিয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।
পিরোজপুর আদালতের এপিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে ০৩ জনকে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ০৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

