
রিজওয়ান , পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
সীমান্ত সুরক্ষা ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করনের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে সর্বদাই কাজ করে যাচ্ছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সীমান্তবর্তী স্পর্শকাতর দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি নওগাঁ ও সিরাজগঞ্জ জেলায় বিজিবির সদস্যরা এখন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে টহল কার্যক্রম পরিচালনা করছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিজিবি সূত্রে জানা গেছে, গত ১লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে পত্নীতলা ব্যাটালিয়নের মোট ৩৮ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছেন। নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার মোট ০৯টি আসনের ১৬টি উপজেলায় মোতায়েন রয়েছেন তারা। সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় শান্তি বজায় রাখতে বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান চালাচ্ছেন।
বিজিবির কর্তৃক গৃহীত কার্যক্রমের একটি চিত্র:
যৌথ টহল: আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ৯৬টি টহল সম্পন্ন।
ডমিনেশন ও তল্লাশি: ৬৮৩টি ডমিনেশন টহল ও তল্লাশি অভিযান পরিচালনা।
ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত রেকি কার্যক্রম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিধিমালা ২০২৬-এর ২৭(ক) ধারা অনুযায়ী এ পর্যন্ত প্রায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাচনী ডিউটির পাশাপাশি সীমান্ত সুরক্ষাতেও পিছিয়ে নেই ১৪ বিজিবি। ১লা ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে ব্যাটালিয়নটি।
এ প্রসঙ্গে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান:
”নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে অবৈধ পারাপার রোধ ও অপরাধ দমনের পাশাপাশি ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়া নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। আমাদের এই টহল তৎপরতা জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তার পরিবেশ তৈরি করেছে।”
নির্বাচন পরবর্তী সময়েও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই কঠোর অবস্থান ও টহল তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

