Home অর্থনীতি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

0
34

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে গ্রেডভেদে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে মাহ্দী আমিন উল্লেখ করেন, তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে।

নতুন ঘোষিত কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ৪৩ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১৫ হাজার ৩৫ টাকা। গ্রেড-২ এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মজুরি ৪০ দশমিক ১১ শতাংশ বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। গ্রেড-৩ এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মজুরি ৪১ দশমিক ৭০ শতাংশ বাড়িয়ে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪ এর অধীনে হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা করা হয়েছে।

গার্মেন্টসশিল্পের সাফল্যে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের গার্মেন্টসশিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব।

২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের মধ্যে এই মজুরি বৃদ্ধিকে শ্রমিকদের আয় ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেন তিনি। তিনি আরও জানান, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন, যার ফলে মাস শেষে তাদের মোট আয় আরও বৃদ্ধি পাবে।

শ্রমিক ও মালিকপক্ষের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে মাহ্দী আমিন বলেন, আমরা বিশ্বাস করি, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রফতানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সুষম সমন্বয়ই আমাদের মূল লক্ষ্য।

জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষকে ধন্যবাদ জানান উপদেষ্টা। সবশেষে কারখানায় উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ-নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 November 2026

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

www.Prothom-bd.com |
Fb/prothombangla