Home বাংলাদেশ খুলনা বিভাগ মণিরামপুরে সম্পত্তির লোভে জীবিত নারীকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ!

মণিরামপুরে সম্পত্তির লোভে জীবিত নারীকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ!

0
31
মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-
যশোরের মণিরামপুর উপজেলার কোলাগ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জীবিত এক নারীকে ভোটার তালিকায় মৃত দেখানো এবং তাঁর সন্তানকে পিতার পরিচয় ও ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন মৃত জনু মোড়লের ছেলে লিয়াকত ও আব্দুল লতিফ। এ ঘটনায় ভুক্তভোগী জাহেদা বেগম ন্যায়বিচার দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জনু মোড়লের তিন স্ত্রী ছিলেন। জীবদ্দশায় তিনি তাঁর সম্পত্তির অংশ স্ত্রীদের নামে দিয়ে যান। কিন্তু তাঁর মৃত্যুর পর থেকেই সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, জনু মোড়লের মৃত্যুর পর তাঁর স্ত্রী জাহেদা বেগম ও ছেলে তাইজেলকে বাড়ি থেকে বের করে দেন লিয়াকত ও আব্দুল লতিফ। একই সঙ্গে তাইজেলকে পিতার পরিচয় ও ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়।
জাহেদা বেগমের অভিযোগ, শুধু বাড়ি থেকে বের করে দেওয়াই নয়, তাঁকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। অন্যদিকে তাঁর ছেলে তাইজেলকে জনু মোড়লের ওয়ারিশ হিসেবে স্বীকৃতি না দিয়ে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন লিয়াকত ও আব্দুল লতিফ।
তিনি আরও অভিযোগ করেন, তাইজেলের জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও ওয়ারিশ সনদ দেওয়া হচ্ছে না। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ইউপি সদস্য রেজাউলের বিরুদ্ধে ওয়ারিশ সনদ না দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
জাহেদা বেগমের দাবি, তিনি জনু মোড়লের বৈধ স্ত্রী এবং তাইজেল তাঁরই ঔরসজাত সন্তান। বিষয়টি নিয়ে সত্যতা যাচাই করতে কথা হয় আব্দুল লতিফের আপন শ্যালক কওসারের সঙ্গে। তিনি অকপটে স্বীকার করেন, জাহেদা বেগম জনু মোড়লের স্ত্রী এবং তাইজেল জনু মোড়লের ছেলে।
এমন স্বীকারোক্তির পরও কেন জাহেদা বেগমকে ভোটার তালিকায় মৃত দেখানো হলো এবং তাইজেলকে পিতার ওয়ারিশ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না-এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁরা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন, ওয়ারিশ সনদ প্রদান এবং পৈতৃক সম্পত্তিতে আইনগত অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত, আব্দুল লতিফ, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ইউপি সদস্য রেজাউলের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
প্রশাসনের কাছে ভুক্তভোগী পরিবারের দাবি-জীবিত একজন নারীকে কীভাবে ভোটার তালিকায় মৃত দেখানো হলো এবং একজন সন্তানকে কীভাবে তাঁর পিতার ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত করা হলো, তার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 November 2026

মণিরামপুরে সম্পত্তির লোভে জীবিত নারীকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ!

www.Prothom-bd.com |
Fb/prothombangla