মোঃ ওবায়দুল্লাহ মারুফ । পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকালে পোরশা উপজেলার নিতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক মো. সাগর আলী।
এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে নিজেদের, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



