বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগউল্লাপাড়ায় সংঘর্ষের রেশে প্রাণহানি: হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহ আলম

উল্লাপাড়ায় সংঘর্ষের রেশে প্রাণহানি: হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহ আলম

মো:কোরবান আলী রিপন ,উল্লাপাড়া (সিরাজগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা-এর হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন। স্থানীয়দের অভিযোগ, ওই সময় মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনাও ঘটত। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানালেও পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় রশিদপুর গ্রামের লোকজনের ওপর হামলা চালানো হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে শাহ আলমের অবস্থা ছিল গুরুতর।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় শাহ আলমকে। কিন্তু দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত শনিবার সকালে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত একজন হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে শাহ আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments