
মো: সালমান ফারসী, ডেমরা(ঢাকা)নিজস্ব প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে বাউল আবুল সরকারের মহান আল্লাহ তাআলাকে নিয়ে জঘন্য কুরুচিপূর্ণ মন্তব্য দেওয়ার কারণে বাংলাদেশ সরকার তাকে গ্রেফতার করে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম সহ সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে । তার বক্তব্যকে ঘিরে একাংশের সমালোচনা যেমন ওঠেছে, তেমনি বামপন্থী কিছু গোষ্ঠীর সমর্থনও দেখা গেছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মতবিরোধ আরও তীব্র হয়েছে।
সমালোচকরা অভিযোগ করছেন যে, আবুল সরকারের কিছু বক্তব্য ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে এবং এটি সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। তাদের দাবি, এসব বক্তব্যের পরও বামপন্থীদের একটি অংশের সমর্থন প্রমাণ করে যে তারা মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় মূল্যবোধের বিরোধিতা করছে।
বাংলাদেশের লোকসংস্কৃতিতে বাউলদের বিশেষ স্থান থাকলেও তাদের বিশ্বাস ও সাধনা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। গবেষকদের একাংশের মতে, বাউল মতবাদ মূলত প্রচলিত শরিয়তি বিধান বা ব্রাহ্মণ্য আচারের বাইরে গড়ে ওঠা একটি লোকধর্ম, যার শিকড় তন্ত্র, যোগ ও সহজিয়া ধারায় প্রোথিত। এ মতবাদে মানবদেহকে আধ্যাত্মিক সাধনার প্রধান কেন্দ্র হিসেবে দেখা হয় এবং নারী–পুরুষের যুগল সাধনাকে মুক্তিলাভের উপায় বলা হয়।
ড. আনোয়ারুল করিমের ব্যাখ্যায়, বাউল শব্দের উৎস মধ্যপ্রাচ্যের প্রাচীন বা’আল উপাসনার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়, যেখানে দেহতাত্ত্বিক আচার প্রাধান্য পেত। অন্যদিকে ড. আহমদ শরীফ মনে করেন, নাথপন্থ ও সহজিয়া দর্শনের প্রভাবেই বাউলতত্ত্বের বিকাশ ঘটে।
সমালোচকদের অভিযোগ, বাউল সম্প্রদায়ের কিছু অনুশীলন সামাজিক কিংবা ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে বাউল অনুসারীরা নিজেদের জীবনদর্শনকে স্বাধীন সাধনা-পথ হিসেবে বিবেচনা করেন এবং প্রচলিত ধর্মীয় কাঠামোর পরিবর্তে মানবিকতার ভিত্তিতে আধ্যাত্মিক মুক্তির কথা বলেন।
বাউল মতবাদ ও দেহতাত্ত্বিক সাধনা নিয়ে এই ভিন্নমত সমাজে দীর্ঘদিনের বিতর্ককে আরও জটিল করে তুলছে।

