
মোঃ তারিকুল ইসলাম, হোমনা(কুমিল্লা)প্রতিনিধি॥
কুমিল্লার হোমনায় ভুয়া কাগজ সৃজন করে হতদরিদ্র এক সংখ্যালঘু পরিবারের কোটি টাকার সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তাদের জায়গা থেকে উচ্ছেদের ফলে মানবেতর জীবন যাপন করছে ওই পরিবার।
হোমনা পৌরসভা সদরে হোমনা পশ্চিম পাড়া গ্রামের গোপাল চন্দ্র দাস ও হারাদন চন্দ্র দাস এ অভিযোগ করেন।
তাদের অভিযোগ হোমনা পৌরসভা সদরের ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন ওভার ব্রীজ এলাকায় তার পিতা রাজা রামচন্দ্র দাস ১৯৫ নম্বর সিএস খতিয়ান এবং ১৭৫ নম্বর আরএস খতিয়ানের ৫১৩ নম্বর দাগের ১৬৭ শতকের অন্দরে ২০ শতাংশ জমির মালিক ও দখল কার থাকিয়া জৈনিক বজলুর রহমান ও মো. ছিদ্দিকুর রহমানের নিকট ১.২৫ শতাংশ জমি বিক্রি করে পরলোকগমন করেন। বাকি ১৮.৭৫ শতাংশ জায়গা পিতার ওয়ারিশ সূত্রে মালিক ও দখলকার থাকলেও মাঠ জরিপের সময় ভূয়া কাগজের মাধ্যমে বজলুর রহমান ও ছিদ্দিকুর রহমান গং এর নামে উক্ত জায়গা বিএস খতিয়ান ভূক্ত হয়। এ নিয়ে ভুক্তভোগী পরিবার জমির মালিকানা দাবীকরে কুমিল্লা জেলা যুগ্ন জেলা জজ ২য় আদালতে মামলা করে। মামলা নং-১৪০।
গোপাল চন্দ্র দাস জানান, মামলা চলাকালীন সময়ে বিরোধী জায়গার মধ্যে জোর করে বিল্ডিং নির্মাণ করার চেষ্টা করছে। এতে বাধাদিতে গেলে মারধর এবং মিথ্যা মামলার হুমকিদেয়। ফলে আমরা আতঙ্কের মধ্যে মানবেতর জীবন যাপন করছি।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উল্রেখিত স্থানে মাটি ভরাট ও বিল্ডিং এর কাজ চলছে। এ সময় উপস্থিত হোমনা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর সভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো.শাহিনুজ্জামান খোকন জানান, গোপালের পিতা রাজা রামচন্দ্র দাস মৃত্যুর আগে বজলুর রহমান ও ছিদ্দিকুর রহমানের নিকট ১.২৫ শতাংশ সম্পত্তি বিক্রি করেছেন। কিন্ত কি ভাবে পুরো জায়গা দখলে আছে তা জানি না। কাগজ পত্রের হিসাবে গোপাল চন্দ্র দাস ও তার ভাই ১৮.৭৫ শতাংশের মালিক। আদালতে মামলা চলছে বলে শুনেছি।
এ দিকে মরহুম বজলুর রহমানের ছোট ভাই এ্যাড. মো. মানিক মিয়া মুঠোফোনে জানান, রাজা রামচন্দ্র দাসের নিকট থেকে জমি ক্রয় করে বৈধভাবে জমাখারিজ করে দখলে আছি। তারা আদালতে মামলা করেছে। কোন নিষেধাজ্ঞা আসেনি।

