
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জনসমক্ষে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে নীলফামারীর জলঢাকায় সকল কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানবনন্ধন কর্মসূচীতে জলঢাকা সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সকল পেশাদার সাংবাদিক নেতৃবৃন্দ নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডকে জঘন্যতম ও নৃশংসতম হত্যাকান্ড হিসাবে উল্লেখ করে এই ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট নজীর হিসাবে তুলে ধরেন। সকল সাংবাদিকবৃন্দ একটি প্ল্যাটফর্মে এসে তাঁদের বক্তব্যে সাংবাদিকদের নির্ভয়ে কাজের পরিবেশ সৃষ্টি, জীবনের নিরাপত্তা নিশ্চিত, পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি না করা ও সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরন দানসহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহনে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানান।

