
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোল্ডকাপ প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
ব্যতিক্রমধর্মী এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ প্রশাসনিক একাদশ এবং সন্দ্বীপ কলেজ শিক্ষক একাদশ। খেলাটিকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তফা কামাল পাশা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলার বিজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আমজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রীতি ফুটবল ম্যাচের শুরুতে দুই দলের খেলোয়াড়দের মাঠে প্রবেশের সময় মনোমুগ্ধকর আলোকিত ফোয়ারার আয়োজন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানে প্রধান অতিথির মাধ্যমে গোল্ডকাপের মোড়ক উন্মোচন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত এবং উদ্বোধনী শটের দৃশ্য ছিল উপস্থিত দর্শকদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও স্মরণীয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্দ্বীপে এ ধরনের চমকপ্রদ ও নান্দনিক আয়োজন ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন এবং সংশ্লিষ্ট সকলের সৃজনশীল ও নান্দনিক মানসিকতার ফলেই এমন ব্যতিক্রমী আয়োজন সম্ভব হয়েছে।
বক্তারা ভবিষ্যতেও সন্দ্বীপের যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
জমকালো এ গোল্ডকাপ প্রীতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলোয়াড়, অতিথি ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

